ইয়েমেনে সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার যেকোনো মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধেও লড়াইয়ের হুমকি দিয়েছে তারা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সানায় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হুথিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর।
আল-থাওর বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধজাহাজ পাঠিয়ে ইয়েমেনের সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ করে কিংবা বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, সেটিকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে হুথিরা। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তারা লড়াই করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি বিমান হামলা বা আকাশপথে সহায়তার মাধ্যমে সৌদি আরবকে সমর্থন করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে হুথিরা। একই সঙ্গে মার্কিন জাহাজের জন্য বাব আল-মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।
চলতি মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও কৌশলগত বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেয় হুথিরা। এ প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর অঞ্চলটির নৌ চলাচল ও সৌদি আরবের তেল রপ্তানি নিয়ে উদ্বেগ বেড়েছে।
এদিকে হুথিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরুর পর সৌদি আরব তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুথিরা দাবি করেছে, গত কয়েক দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।
তবে হুথি সামরিক উপদেষ্টা আল-থাওর ইরানের কাছ থেকে সরাসরি নির্দেশনা পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, ইরান তাদের মিত্র ও বন্ধু হলেও হুথিরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়।
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনের মানবিক পরিস্থিতিও আরও সংকটের দিকে যাচ্ছে। সাম্প্রতিক লড়াইয়ে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
সূত্র: এএফপি