September 30, 2026, 7:43 pm

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা, নাম হবে ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ভারতের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, অনুকূল পরিবেশ পেলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘অর্ণব’।

‘অর্ণব’ একটি বাংলা শব্দ, যার অর্থ সমুদ্র। বাংলাদেশ আবহাওয়া সংস্থার প্রস্তাবিত নামের তালিকা থেকেই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির এ নাম নির্ধারণ করা হয়েছে।

আইএমডির তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে রয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

নিম্নচাপের প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনো কোনো এলাকায় ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অতিরিক্ত বৃষ্টিতে নিচু এলাকায় পানি জমে সাময়িক জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি নদনদীর পানিও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়েছে ওড়িশা সরকার। খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি-বেসরকারি স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলেদের সমুদ্রে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা