August 12, 2026, 6:38 pm

ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে’, পুলিশের সামনেই ঠিকাদারের ওপর হামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার লিমিটেডের (ইউসিপিএল) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবদল নেতা পরিচয়দানকারী আলী হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদা দাবির এবং প্রকৌশলীসহ তিনজনকে মারধর করার এই অভিযোগ উঠেছে।
বুধবার (১২ আগস্ট) সকালে ইউসিপিএলের প্রধান ফটকের বাইরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এফএম এন্টারপ্রাইজের প্রকৌশলীর ওপর এই হামলার ঘটনা ঘটে।
আহত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শাহরিয়ার আমির জানান, স্থানীয় যুবদল নেতা পরিচয় দিয়ে আলী হোসেন দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। সেখানে ব্যবসা করতে হলে তাকে ৫০ শতাংশ চাঁদা দিতে হবে—এমন দাবি জানিয়ে আসছিলেন অভিযুক্তরা। মালিকপক্ষ এতে রাজি না হওয়ায় বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের পথ আটকে মারধর করা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পেলেও হামলায় গুরুতর আহত হন প্রকৌশলী শাহরিয়ার আমির ও স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন। এছাড়া হামলায় প্রতিষ্ঠানের পার্টনার ও স্থানীয় সাংবাদিক জিন্নাত আইয়ূবও আক্রান্ত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পুলিশের উপস্থিতিতেই পুনরায় প্রতিষ্ঠানের লোকজনের ওপর হামলার চেষ্টা চালান। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মেসার্স এফএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আলী হোসেনসহ চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এবং তিনি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন। অভিযুক্ত আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা বাদীর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে পুনরায় হামলার চেষ্টা করেন, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে এবং পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির এই বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের দৃষ্টিগোচর করা হলে তিনি জানান, আলী হোসেন নামে কাউকে তিনি চেনেন না এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা