মেক্সিকো, বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ, সম্প্রতি একটি শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। রিখটার স্কেলে ৬ মাত্রার এই ভূমিকম্পটি পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা কেঁপে তোলে। যদিও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের বাড়তি তৎপরতা উদ্বেগ সৃষ্টি করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি এল প্রোগ্রেসো এলাকা থেকে ৭৫ কিলোমিটার (৪৬.৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিশ্বজুড়ে ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যা ‘ডাবলেট’ হিসেবে পরিচিত। এই ধরনের ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪.৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বৈশ্বিক ভূকম্পন তৎপরতা বৃদ্ধির একটি ইঙ্গিত হতে পারে।