June 22, 2026, 8:07 pm

খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশছাড়া করবে জনগন: শিবির সভাপতি০

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে রোববার রাতে রাজধানী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

এতে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ২০ বছর ধরে রাজপথে এক সঙ্গে লড়াই করলেও ক্ষমতায় এসে বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে। এটি পরিহার না করলে জনগণ আওয়ামী লীগের মতো বিএনপিকে দেশছাড়া করবে।

স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে রোববার বিকেলে সাঘাটায় প্রকাশ্যে সাইফুল্লাহকে হত্যা করেন স্থানীয় যুবদল নেতা মোখলেসুর রহমান মুকুল, তার ভাই পলাশসহ কয়েকজন। এর প্রতিবাদে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল করে শাহবাগ যান শিবিরের নেতাকর্মীরা। তারা হত্যার বিচার দাবি করেন।

শাহবাগে সমাবেশে শিবির সভাপতি বলেন, সাইফুল্লাহর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ছাত্রসমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বর্তমান বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই। যারা ক্ষমতার মোহে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা করছেন, তারা এখনই সতর্ক না হলে পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

শিবিরের দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, হাসিনার গুম-খুনের রাজনীতির পদাঙ্ক অনুসরণ করে বিএনপি আজ ডাকাত দলে পরিণত হয়েছে। কোথাও ডাকাতি ও দখলদারিত্বে বাকি রাখেনি।

বিক্ষোভ মিছিলে অংশ নেন শিবিরের শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জসকু ভিপি রিয়াজুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা