June 7, 2026, 7:24 pm

খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি:

সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে দ্রুত মন্ত্রী পদে পুনর্বহাল করার দাবি উঠেছে। আজ রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ‘সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ, খাগড়াছড়ি’-এর ব্যানারে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল মানুষের আস্থাভাজন ও অবিসংবাদিত নেতা এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম আহবায়ক চাইথোয়াই মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, ডা. আশুতোষ চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. বেলাল, শিক্ষাবিদ নবকুমার চাকমা, নারী নেত্রী নমিতা চাকমা এবং সাধারণ শিক্ষার্থী মৌনুচিং মারমা ও প্রজ্ঞা জ্যোতি চাকমা।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটে জয়ী সাবেক পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক অবিচল ও সৎ ব্যক্তিত্ব। তিনি আইন পেশা ও চাকরি ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছিলেন। তিনি দলের জন্য সবসময় নিস্বার্থ ও নিবেদিতপ্রাণ ছিলেন, কখনোই দল ছাড়েননি।

সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পাহাড়ের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সৎ ও যোগ্য নেতা দীপেন দেওয়ানকে অবিলম্বে মন্ত্রী পদে পুনর্বহাল করতে হবে। অন্যথায় পাহাড়ের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা