June 4, 2026, 6:55 pm

চোরাই মাইক ক্রয়কে কেন্দ্র করে উত্তেজনা, সালিশে মারধরের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের চুরি হওয়া মাইক ক্রয়কে কেন্দ্র করে এলাকায় উ’ত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চোরাই মাইক ক্রয়ের অভিযোগে এক লাইটিং ব্যবসায়ীকে স্থানীয় সালিশে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিবারের সদস্যদের অপমান করার অ’ভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের একটি মাইক চুরি হয়। পরবর্তীতে মাইকটি স্থানীয় এক ভ্যানচালকের কাছে পাওয়া যায়। এ ঘটনায় মফিজুল ইসলাম নামে এক লাইটিং ব্যবসায়ী দাবি করেন, তিনি নয়ন নামে এক ব্যক্তির কথামতো মাইকটি কিনেছিলেন এবং নয়নই তাকে মাইকটি এনে দিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত নয়নকে খুঁজে না পেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহজাদা সেলিম তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সালিশে উপস্থিত হওয়ার জন্য বলেন। পরে অনুষ্ঠিত সালিশ বৈঠকে নয়নের মাকে অপমান করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

পরিবারের সদস্যদের দাবি, সালিশে উপস্থিত অবস্থায় মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব নয়নের মাকে উদ্দেশ্য করে বলেন, “আপনি স্বীকার করেন আপনি চোরের মা, এটাই আপনার শা’স্তি।” এছাড়া তাকে হিজাব খুলে ক্যামেরার সামনে এসে নিজেকে ‘চোরের মা’ পরিচয় দিতে বলা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এদিকে গত ৩ জুন অনুষ্ঠিত এক স্থানীয় বিচারে চোরাই মালামাল ক্রয়ের অভিযোগে মফিজুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানের সামনে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য শাহজাদা সেলিমের বিরুদ্ধে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কালিগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করেব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা