June 24, 2026, 11:28 am

বকশীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রল বিক্রি, নারীকে ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

জানা যায়, উপজেলার তিনানীপাড়া এলাকায় পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন আইয়ুব মণ্ডলের স্ত্রী রোজিনা আক্তার।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

পরে রোজিনা আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা