April 27, 2026, 11:51 am

সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ, প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুদ ও বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।

র‍্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস দমন, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ইতোমধ্যে সংস্থাটি জনগণের আস্থা অর্জন করেছে।

আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে ‘আব্দুল্লাহ ফুড প্রডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রাখা এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় গুদাম থেকে প্রায় ৫ হাজার লিটার ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।

র‍্যাব-১১ জানায়, অবৈধ মজুদ, ভেজাল পণ্য উৎপাদন ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সোহেল গাজী

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা