April 25, 2026, 11:59 am

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিখোঁজ দুজন বাংলাদেশি শিক্ষার্থীর মধ‍্যে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে । সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তার রুমমেটকে । শুক্রবার সকালে স্থানীয় পুলিশ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় হিশাম আবুঘরবেহ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের (পুলিশ) কার্যালয় জানিয়েছে। তবে কি কারণে জামিল লিমনকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামির কনসাল জেনারেল সেহেলী সাবরীন । তিনি জানান, বাংলাদেশি দু’জন শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় ৪টি কাউন্টির পুলিশ বিভাগ তৎপরতা চালাচ্ছে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বিভাগের পক্ষে প্রেস কনফারেন্সে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধান পেতে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে জানানো হয়।

গত ১৬ এপ্রিল থেকে (বৃহস্পতিবার) নিখোঁজ ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। এরপর থেকে তাদের উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। ইউএসএফ পুলিশ জানিয়েছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নীতি বিষয়ের ডক্টরাল শিক্ষার্থী লিমনকে শেষবার ১৬ এপ্রিল ৯টার দিকে টাম্পায় তার বাসভবনে দেখা গিয়েছিল।

অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল শিক্ষার্থী ব্রিস্টিকে শেষবার দেখা গিয়েছিল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে। পুলিশ বিভাগের পক্ষ হতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই (ICE)-এর সাথে যোগাযোগ করে নিশ্চিত করা হয় তাদের দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করার মতো কোনো তথ্য কিংবা কোনো সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই।

উল্লেখ্য, জামালপুর জেলার জামিল লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন । তারা ২০২৪ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাড়ি জমান ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা