April 21, 2026, 8:57 pm

সংসদে অর্থমন্ত্রী , সরকারের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলারের বেশি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা প্রশ্ন রেখে বলেন, বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত; উক্ত ঋণ পরিশোধে এই পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করেছে কি না; করলে, তা কী?

আমির খসরু বলেন, ফেব্রুয়ারি ২০২৬ মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,০৬৭.২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

ভঙ্গুর আর্থিক খাতকে টেনে তুলতে ৪ স্তরের পরিকল্পনা সরকারের: দেশের ভঙ্গুর আর্থিক খাতকে টেনে তুলতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে ৪ স্তরের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর আওতায় মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয়ে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত একটি মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে সরকারের এসব পদক্ষেপের বিস্তারিত তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় নীতি সুদহার ১০ শতাংশে ধরে রাখা হয়েছে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। ২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি যেখানে ১৪.১০ শতাংশে উঠেছিল, ২০২৬ সালের মার্চ শেষে তা কমে ৮.২৪ শতাংশে নেমে এসেছে। এদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভেও সুবাতাস বইছে। ১৫ এপ্রিল ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী যা ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।

বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই:

বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অধিবেশনে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা -৪ সংসদ সদস্য আবুল হাসনাত প্রশ্ন রেখে বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একা ৯২ হাজার ১১৫ কোটি টাকা খেলাপি ঋণের ধারক। যার প্রায় ৮০ হাজার কোটি টাকা এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। জনতা ব্যাংকে বেক্সিমকো গ্রুপের প্রায় ২৫ হাজার কোটি টাকা খেলাপি রহিয়াছে। এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে সরকার কতগুলো দেশে আইনি পদক্ষেপ নিয়েছে এবং চলতি অর্থ-বছরে কী পরিমাণ অর্থ সম্পদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে?

জবাবে অর্থমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই। আমি আপনাদের পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসেনি। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক, স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। বিএনপির রাজনীতিতে পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে পালিয়ে গিয়েছে। সবার বিরুদ্ধে মামলা হয়েছে। এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে এপয়েন্ট করেছি। এই টাকা নিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারির জন্য একদিকে জি টু জিভের গভমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারব।

লুটপাট ও মুদ্রার অবমূল্যায়নে ব্যাংকগুলোতে চরম মূলধন সংকট:
বাংলাদেশের আর্থিক খাতের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা ক্যাপিটাল ডেফিসিট বা মূলধন ঘাটতি। এই ঘাটতি পূরণে বাজেটে বিশেষ বরাদ্দের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
সংসদে অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের মুদ্রার মান ৪০ শতাংশের বেশি অবমূল্যায়িত (ডেপ্রিসিয়েটেড) হয়েছে। এর সঙ্গে ইউটিলিটিসহ অন্যান্য ব্যয় বাড়ার কারণে বেসরকারি খাতে প্রায় ৫০ শতাংশ মূলধন ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া ব্যাংকগুলো থেকে লুটপাট করে টাকা বিদেশে নিয়ে যাওয়ার কারণে ব্যাংকগুলোতেও চরম ক্যাপিটাল সংকট সৃষ্টি হয়েছে।

এই মূলধন ঘাটতি মেটানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এই টাকাগুলো আমাদের প্রতিস্থাপন করতে হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক টাকা রিপ্লেশমেন্টের জন্য দেওয়া হয়েছে এবং আগামী বাজেটেও এ খাতে বরাদ্দ রাখা হবে। আমরা আইএমএফের মাধ্যমে ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ (পুনঃমূলধনীকরণ) করার চেষ্টা করছি।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের আর্থিক খাতে আকৃষ্ট করার মাধ্যমে ক্যাপিটাল ডেফিসিট মেকআপ করার চেষ্টা চলছে, যাতে দেশের অর্থনীতি সচল থাকে।

আম রপ্তানি ও শিল্পায়নে বরেন্দ্র অঞ্চলে বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা:
চাঁপাইনবাবগঞ্জের আমকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য উল্লেখ করে এর রপ্তানি ও আমভিত্তিক শিল্পায়নে সরকার বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, শুধু আম নয়, পুরো বরেন্দ্র অঞ্চলের কৃষির সম্ভাবনা যাচাই করে হিমাগার ও অবকাঠামো উন্নয়নের জন্য আগামী বাজেট এবং পরবর্তী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেয়া হবে। অধিবেশনে সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক লিখিত ও সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে ‘বরেন্দ্র প্রকল্প’ পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া যথাযথভাবে আম সংরক্ষণের জন্য ‘বিশেষ হিমাগার’ স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলা এবং কৃষিভিত্তিক শিল্পায়নের ওপর সরকার বিশেষ জোর দিচ্ছে।

এস আলম ও বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্টা চলমান: এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের অবৈধভাবে বিদেশে পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রচলিত আইনি ব্যবস্থায় সম্ভাব্য সকল ধরনের প্রচেষ্টা চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৷ প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এক তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে অর্থ মন্ত্রী এ কথা জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা