March 27, 2026, 11:22 pm

ডুবন্ত বাসটি এখনো দৃশ্যমান নয়, টেনে তোলা হয়েছে ৫০ ফিট

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে বাসটি উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে প্রায় ৫০ ফিট ওপরে তোলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, তলিয়ে যাওয়া বাসটি নদীর ৮০-৯০ ফিট গভীরে ছিল। উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি প্রায় ৫০ ফিট ওপরে তোলা হয়েছে। আরও ৩০-৪০ ফিট ওপরে বাসটি তুলতে হবে। খুব ধীরগতিতে সতর্কতার সঙ্গে বাসটি টেনে তোলা হচ্ছে।
দেওয়ান সোহেল রানা বলেন, বাসের জানালা ও দরজা বন্ধ থাকার কারণে আমাদের ডুবুরি ভেতরে প্রবেশ করতে পারছে না।

এজন্য পুরো গাড়িটাই টেনে তুলতে হচ্ছে।
এর আগে উদ্ধার করে হাসপাতালে নেওয়া তিনজনের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়নি।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা মোবাইলে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে— কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা