April 19, 2026, 12:41 pm

মিরপুরের জল্লাদখানা বধ্যভুমি সংলগ্ন পরিত্যক্ত স্থানে করা হলো শিশুবান্ধব গণপরিসর ……. মেয়র মোঃ আতিকুল

প্রেস রিলিজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ইটপাথরে বন্দী নগরবাসীর সুস্বাস্থ্যের জন্য গণপরিসরের গুরুত্ব বিবেচনা করেই মিরপুরের জল্লাদখানা বধ্যভুমি সংলগ্ন পরিত্যক্ত স্থানে করা হলো শিশুবান্ধব গণপরিসর।
আজ ১৯ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- রবিবার সকালে ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের মিরপুর-১০ এলাকায় জল্লাদখানা বধ্যভুমি সংলগ্ন স্থানে “শিশুবান্ধব গণপরিসর” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকেই জানতে হবে। নতুন প্রজন্মকেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে জানাতে হবে, তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষেই মিরপুরের জল্লাদখানা সংলগ্ন স্থানটিকে নারী-শিশু, বয়স্ক, প্রতিবন্ধীসহ সকলের জন্য নিরাপদ, প্রবেশযোগ্য, সুস্থ্য ও মনোরম গণপরিসরে রূপান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, গণপরিসরটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরণের উপকরণ, ব্যায়াম ও হাঁটার সুব্যবস্থা, একটি উন্মুক্ত মঞ্চ, বসার স্থান, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, নগরবাসীর জন্য আরও তিনটি স্থান যথাক্রমে ৪ নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়ক, ৫ নম্বর ওয়ার্ডে মিরপুর-১১ এলাকায় ২১ নম্বর সড়কের একটি অংশ এবং ৩২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদপুর এলাকায় আওরঙ্গজেব রোডের ফুটপাতকে গণপরিসরে রূপান্তরিত করা হবে
মোঃ আতিকুল ইসলাম বলেন, রাজউক অনুমোদিত নকশা মোতাবেক পার্ক ও খেলার মাঠ যথাযথভাবে সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ডিএনসিসির উদ্যোগে জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে, কিছু দিনের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় খালগুলোর সীমানা নির্ধারণ করা হবে।
ডিএনসিসি মেয়র আরও বলেন, অপরিকল্পিত ঢাকাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।
মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তৃতাশেষে “শিশুবান্ধব গণপরিসর” এর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে মনোরম পরিবেশে এর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
স্থানীয় কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস. এম. শরিফ-উল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা