চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই মার্কিন সামরিক সদস্যদের লালগালিচা ঠিক করার একটি ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান শি জিনপিং। তার সঙ্গে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হং লেইসহ দেশটির প্রতিনিধিদলের সদস্যরা।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।
শি’র বিমান যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণের পরের দৃশ্য ধারণ করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন মার্কিন সামরিক সদস্য হাত ও হাঁটুর ওপর ভর করে প্রায় ৩০ মিটার (৯৮ ফুট) দীর্ঘ লালগালিচা দ্রুত ঠিক করছেন। শি বিমান থেকে নামার আগে তারা কার্পেটের ভাঁজ সমান করছিলেন এবং ময়লা পরিষ্কার করছিলেন।
সে সময় বিমানের দরজায় দাঁড়িয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও প্রটোকল প্রধান হং লেইসহ কয়েকজন চীনা কর্মকর্তাকে পুরো দৃশ্যটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মার্কিন সামরিক সদস্যদের এ কাজে ব্যবহারের সমালোচনা করেছেন। কেউ কেউ ঘটনাটিকে ‘ভীষণ লজ্জাজনক’ বলে মন্তব্য করছেন।
বিল ম্যাডেন নামে এক ব্যক্তি লিখেন, ‘ট্রাম্প যে আমেরিকা ও নিজেকে আরও অপমান করতে পারবেন না- এমনটা ভাবার পরই তিনি মার্কিন সামরিক বাহিনীকে হাত-পায়ে ভর দিয়ে লালগালিচা পরিষ্কার করতে পাঠালেন, যাতে শির জুতায় ধুলা না লাগে।’
এ ছাড়া কেন্টাকির সাবেক মেরিন ফাইটার পাইলট ও ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক অ্যামি ম্যাকগ্রাথ বলেন, মার্কিন সেনারা ‘কোনো কর্তৃত্ববাদী নেতার অহং তুষ্টির প্রদর্শনীর সাজসরঞ্জাম’ হওয়ার জন্য শপথ নেননি।