রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেফতার করা হয়েছে। গত ৫সেপ্টেম্বর শনিবার রাতে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান। গ্রেফতারকৃত অমিমুল হাসান সাদ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১১ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরিকে ফুসলিয়ে নিজ বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এসময় কিশোরী বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি আঘাত করে। একপর্যায়ে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা কিশোরীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কিশোরীকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।