September 2, 2026, 6:34 am

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

মোহাম্মদ আসাদ:

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উদ্ধারের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন এক বৃদ্ধা। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়ির ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছর বয়সী কিশোর রাজু। ছেলেকে বিদ্যুতের তার থেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার মা লাকি আক্তার (৪০)। এ সময় দুজনকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হন রাজুর দাদি বুলি বেগম।

স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাজু ও তার মাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাজু স্থানীয় বাসিন্দা আবদুর রশিদের ছেলে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে একই দিন সন্ধ্যায় মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হাসান তাইবের (১৫) মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে খেলতে বাইরে যায় তাইব। বিরতি শেষে বই আনতে ফেরার পথে ভবনের ছাদের কাছে থাকা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাইবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা