August 31, 2026, 9:35 am

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির শঙ্কা

মোহাম্মদ আসাদ :

জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল রোববার(৩০আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদসংলগ্ন একটি মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মার্কেটের একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে স্থানীয় শত শত বাসিন্দাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে রিপন মদকের মুদি দোকান ও জমজম হোটেলসহ অন্তত ৮টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হাসান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় বণিক সমিতির নেতৃবৃন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন ও ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা