June 14, 2026, 7:41 pm

নারায়ণগঞ্জে মাদক কারবারি ও পুলিশের মধ্যে গোলাগুলি, আহত ৮, বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মনির, এসআই নন্দন সরকার, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসেন ও কনস্টেবল আশিক। এছাড়া পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন আহত হন। তাদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর এলাকায় ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুম (২৪) কে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে পুলিশও দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। এ ঘটনায় এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা