লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সাব্বিরের ম’রদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার তার ম’রদেহ উদ্ধার করা হয়। অপর ভাই শাওনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ দুই ভাই হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬) ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪)। তারা মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ২টার দিকে দুই ভাই তাদের বন্ধু মেহেদীকে নিয়ে ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে। এ সময় মেহেদী কোনো রকমে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির ও শাওন স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। টানা প্রায় ৩০ ঘণ্টার অভিযানের পর সোমবার বিকেলে বড় ভাই সাব্বিরের ম’রদেহ উদ্ধার করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছোট ভাই শাওনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ সাব্বিরের ম’রদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ শাওনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজ শাওনের সন্ধানের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।