June 8, 2026, 6:19 pm

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার।

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ আদালত পরিচালনা করেন।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন অংশ নেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শান্ত ও আজিজ মিয়াকে পৌর এলাকার মিয়াপাড়া থেকে মাদক সেবনের সময় আটক করা হয়। অন্যদিকে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন এবং সোহাগকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাদের সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান বকশীগঞ্জে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা