June 4, 2026, 5:51 pm

বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, প্রশাসনের সহায়তা প্রদান

প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা দাসপাড়ায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টির সময় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দুরা দাসপাড়ার শ্রীমতি কল্পনা রাণী (৫৫) এবং তাঁর ছেলে শ্রী সোহাগ চন্দ্র দাস (৩২)।

পারিবারিক সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির সময় ঘরের বাইরে থাকা জ্বালানি কাঠ নিরাপদে ঘরে তোলার জন্য মা ও ছেলে বাড়ির বাইরে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান এবং সাঘাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং দুই প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

একই পরিবারের মা ও ছেলের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা