সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর ‘বিশেষ ভিজিএফের চাল’ বিক্রির অর্থ বিকাশে চাওয়ার অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রতনদী-তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্যসচিব আলতাফ খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে হায়দার আলী শরীফকে রতনদী-তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আল্লামা শুভর কাছে ‘বিশেষ ভিজিএফের চাল’ বিক্রির অর্থ বিকাশের মাধ্যমে পাঠানোর অনুরোধ করতে শোনা যায় বলে অভিযোগ ওঠে।
অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার পরপরই উপজেলা বিএনপি হায়দার আলী শরীফের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং তাঁকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়।