জামালপুরের ইসলামপুর উপজেলায় পারিবারিক শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহীন রানা (৩৩), তাঁর বড় ভাই সবুজ (৪০), দুলোনা বেগম (৩২), মর্জিনা বেগম (৪০), হৃদয় (১৫), বিপুল (৩৫), আব্দুল করিম (৬০), কামাল (২৫), ছাইদুর (৩৫), ফরিদ (৩০), সুলাইমান (৩৫), আলমাছ (৫০), রিনা বেগম (২৫), ময়না বেগম (৩০) ও রুবেল (২৫)। তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা ডাক্তার খা ও প্রতিবেশী আব্দুল গণি বাসকর মেলেটারির মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। বিকেলে ওই বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ডাক্তার খার পক্ষের ১০ জন এবং প্রতিপক্ষের পাঁচজন আহত হন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ আসাদ – স্টাফ রিপোর্টার।