April 2, 2026, 11:12 am

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ: কারাগারে আ.লীগের ১০ নেতাকর্মী

জামালপুরের ইসলামপুরে দায়ের করা বিস্ফোরক মামলায় জামিনের আবেদন করতে গিয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়েছে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে। রোববার (২৯ মার্চ) দুপুরে আদালতে আত্মসমর্পণের পর বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির হয়ে ওই ১০ আসামি জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল ইসলাম ও মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০-২২০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।
আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, “আমার মক্কেলরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তা নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”

মোহাম্মদ আসাদ, স্টাফ রিপোর্টার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা