নির্বাচনে যত কাজের প্রতিশ্রুতি দিয়েছি, তার চেয়েও বেশি কাজ করবো। মাদক ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। মাদকের অবাধ বিচরণ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
শুক্রবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার এন এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
তিনি বলেন, “আওয়ামী সরকারের সময়ে নেতাকর্মীদের একটি অংশ মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং প্রশাসনে প্রভাব খাটিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছে—এসব অনিয়ম আমি কোনোভাবেই মেনে নেবো না।”
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি আরও বলেন, “নেতাকর্মীদের মুরুব্বিদের সম্মান করতে হবে, বড়রা ছোটদের স্নেহ করবে—এই সংস্কৃতি গড়ে তুলতে হবে। দলের সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “সকল ইউনিয়নে উন্নয়ন কাজ হবে এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে, যাতে অতীতের মতো কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। দুর্নীতি, জোরপূর্বক অর্থ আদায়, জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখল—এসব অন্যায় কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে। আমি সবার এমপি—সব মানুষের জন্য কাজ করবো। এত উন্নয়ন হবে যে, যারা ভোট দেননি তারাও আফসোস করবেন।”
এ সময় তিনি বকশীগঞ্জ থানাকে মডেল থানায় রূপান্তরের ঘোষণা দেন এবং লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন কাজ চলতি বছরেই শুরু হবে বলে জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন, সদস্য সচিব শহিদুল হক দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, সদস্য সচিব মিজানুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ দলীয় নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার-মোহাম্মদ আসাদ।