নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অপহৃত ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে আলী হোসেন নামে একজনকে পটুয়াখালী সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ঈদের পোশাক কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোহাম্মদ হোসেন নামে শিশুটিকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
ঘটনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে পটুয়াখালী থেকে মূল অভিযুক্ত আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং বিকাশে নেওয়া ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অপহৃত শিশুটিকে ঢাকার শ্যামপুর এলাকার একটি ভাড়া বাসায় তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পরে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।