ডেস্ক রিপোর্টার ।
রাজধানীর গুলশানে নিজ বাসভবনের দরজা খুলে সেখানে উপস্থিত সবার উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চলেন যুদ্ধে যাই।’ মূলত দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন তিনি।
রোববার অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হন প্রধানমন্ত্রী। তবে আজকে বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ তার এই কথা শুনে সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারোই বুঝতে বাকি রইলো না যে, তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। আজও সারাদিন বেশ কয়েকটি বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এছাড়াও কয়েকটি বৈঠক রয়েছে।