মোহাম্মদ আসাদ-জামালপুর ।
জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। এসময় দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা। অভিযানে ভারতীয় ওষুধসহ আরও কিছু সামগ্রীও জব্দ করা হয়।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর ৩৫ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরেরচর এলাকার ১০৭৫ নম্বর সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় অভিযান চালায় পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা। অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এসময় রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। তাদের কাছ থেকে ভারতীয় ১৮ পিস ওষুধ, একটি মোবাইল ফোন ও পান মসলা জব্দ করা হয়েছে।
পরে আটক দুই ব্যক্তিকে দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।