March 9, 2026, 10:27 am

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী আটক

মোহাম্মদ আসাদ-জামালপুর ।।

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে স্বজনরা জানিয়েছেন।

নিহতের ছোট ভাই তুহিন ফয়সাল জানান, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার অভিযোগ, তাইফুর মাদকাসক্ত হওয়ায় তাহমিনা বেশিরভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন।

তিনি আরও জানান, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তাহমিনা স্বামীর বাড়িতে আসেন। এরপরই ওই বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, পারিবারিক কলহের জের ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন বস্তু দিয়ে তাহমিনার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ বিছানায় রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে অভিযুক্ত স্বামী।

তিনি আরও জানান, বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা