মো: মাজেদুল ইসলাম ( মামুন) জেলা প্রতিনিধি।
২০২৫–২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টি আর প্রকল্পে সিসি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে,
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুরাকুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, ১নং ওয়ার্ডের মোহাম্মদ নজরুল ইসলামের বাড়ি থেকে জহরুল ইসলামের বাড়ি পর্যন্ত প্রায় ৯০ মিটার সিসি রাস্তার নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, কাজের গুণগত মান অত্যন্ত খারাপ এবং রাস্তার সঠিক মাপ অনুযায়ী কাজ করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর কর্মসূচির আওতায় উক্ত রাস্তার জন্য প্রায় ৫ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন ১নং ইউপি সদস্য মোঃ মনজুর আলম।
অভিযোগ রয়েছে, তিনি নিজেই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হওয়ায় সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ইচ্ছামতো কাজ শুরু করেন। এলাকাবাসী কাজের কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি থিউরিক্যালভাবে কাজ করাচ্ছি।”
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পিআইও অফিসের অফিস সহকারী মোঃ আপিয়ার। তাঁর কাছে কার্যাদেশের কাগজপত্র দেখতে চাইলে তিনি জানান, “কাগজ সাথে নেই, লোক পাঠিয়েছি নিয়ে আসছে।” তবে তিনি গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নিম্নমানের কাজ বাতিল করে সঠিকভাবে পুনর্নির্মাণ করা হোক।