February 25, 2026, 10:39 pm

লালমনিরহাটের আদিতমারীতে ২০০ বোতল মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. মাজেদুল ইসলাম (মামুন), লালমনিরহাট জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল এস্কাফ (ESKUF) ও ১০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা ২০ মিনিটে আদিতমারী থানাধীন পলাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
শাহ জামালের বাড়ির সামনে পাকা সড়কে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ইজিবাইক ও মোটরসাইকেল তল্লাশি করে রঙিন প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল ফেয়ারডিল ও ১০০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ সময় একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক জব্দসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হাফিজুর রহমান (২৮), শরিফুল ইসলাম (৩৩), আনারুল ইসলাম (২৫) ও রবিউল ইসলাম (২৫)। তাদের সকলের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ করে আসছিল।
মাদক পরিবহন ও ব্যবসা পরিচালনায় তারা বিভিন্ন অভিনব পদ্ধতি ব্যবহার করত বলেও জানায় র‍্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা