মো: মাজেদুল ইসলাম (মামুন), লালমনিরহাট জেলা প্রতিনিধি :গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদর কোম্পানি, রংপুরের একটি বিশেষ আভিযানিক দল গত ১০ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৮টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পুরাতন তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শাহ আলম (২৯), পিতা—মৃত মজিবর রহমান, সাং—মুসরত নাখেন্দা, পোস্ট—সিঙ্গের ডাবড়ীহাট, থানা—রাজারহাট, জেলা—কুড়িগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ডিএমপি যাত্রাবাড়ী থানার মামলা নং–৮৪(১২)/২০২০, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা রয়েছে। উক্ত মামলায় প্রসেস নং–৩২৮/২৫ এবং রিসিভ নং–৩৪/২৫ মূলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিল।
এর আগে, ২০২০ সালে ইয়াবার একটি বড় চালানসহ ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হয় শাহ আলম। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা এড়াতে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পাটগ্রাম উপজেলায় আত্মগোপনে ছিল।
র্যাবের অভিযানে তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।