মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি।
লালমনিরহাট–৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, “লালমনিরহাটকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে লালমনিরহাট শহরের মিশন মোড়ে হামার বাড়িতে লালমনিরহাট জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “কাজ করলে সমালোচনা থাকবেই, সমালোচনা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সমালোচনা থেকে শিক্ষা না নেওয়ার কারণেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে। তারেক রহমানের উদার ও মানবিক নেতৃত্বকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। সর্বোপরি অবহেলিত লালমনিরহাটের উন্নয়নে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।”
তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপনসহ দলীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের পেশাগত চ্যালেঞ্জ, নিরাপত্তা ও সম্ভাবনার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রশ্ন, প্রস্তাব ও বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের বক্তব্যের উত্তর দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।