November 5, 2026, 2:45 pm

অটোরিকশা চুরির সময় জনতার হাতে আটক ইউপি সদস্য

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউপি সদস্য ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। পরে পুলিশে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আটক রনজু মিয়া (৪৫) ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার আদালতের মাধ্যমে রনজু মিয়াকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরির চেষ্টা করেন রনজু মিয়া। এ সময় অটোরিকশার মালিক আশরাফুল ইসলাম তাকে বাড়ির ভেতরে দেখতে পেয়ে চিৎকার করেন। পালানোর চেষ্টা করলে বাড়ির আঙিনায় লাউ ও কুমড়োগাছের বেড়ায় জড়িয়ে আটকে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।

ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রনজু মিয়ার বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এর আগেও চুরির অভিযোগে তিনি জনতার হাতে আটক হয়েছিলেন। তার কর্মকাণ্ডে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে তাকে বরখাস্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল জানান, ইউপি সদস্য নির্বাচিত হলে চুরি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রনজু মিয়া। সেই প্রতিশ্রুতির কারণে এলাকাবাসী তাকে নির্বাচিত করেছিলেন। তবে নির্বাচিত হওয়ার পরও তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা