এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘৫০ উর্ধ্বে কফি হাউস শেষ বেলা ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মামুন সহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা তৈরি করা যায়, তাহলে পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।