September 1, 2026, 1:06 pm

সিদ্ধিরগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে। ১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ৬০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দুইজন, পূর্বের একটি ডাকাতি প্রস্তুতি মামলায় দুইজন এবং সামারি ট্রায়ালে ৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন গোদনাইলের মৃত আমজাদের ছেলে মোঃ হায়দার হাওলাদার, একই এলাকার মৃত রহম আলীর ছেলে মোঃ নাজিম উদ্দিন (৫৮), কোনাপাড়ার মোঃ শান্ত (২৮), সানারপাড়ের রাতুল (২২), কলাবাগানের হারুন অর রশিদ মুন্না (৩১), রূপগঞ্জের মোঃ আলমগীর (৩৪) ও বুলবুল (৩৩), সিদ্ধিরগঞ্জের মোঃ খলিল পাহলান ওরফে নাঈম (২৩), দ্বীন ইসলাম (২১), নারায়ণগঞ্জ সদরের মনির হোসেন তালুকদার (৩২) এবং মোঃ সোলাইমান (২৪)।

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের মোঃ জুয়েল হোসেন (২৫), যিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের রসুলবাগে বসবাস করেন।

ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার হয়েছেন সানারপাড়ের মোঃ আরিফ (২৪) এবং কুমিল্লা সদরের মোঃ হাসান (৩০), যিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলীতে ভাড়া থাকেন।

গ্রেফতারকৃত সকলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা