March 12, 2026, 2:46 pm

রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ বিপুল মাদক উদ্ধার, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে রাত্রিকালীন স্পেশাল-৫ ডিউটিরত এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানে রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়নের পোরাব এলাকায় হাজী লোকমান হোসেনের হাফসা জুট মিলের সামনে থেকে ১টি বিদেশি পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় আবু হানিফ (৩২) ও মো. ইউসুফ মোল্লা (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। আবু হানিফ লাভড়াপাড়া এলাকার মৃত সূর্য মিয়ার ছেলে এবং ইউসুফ মোল্লা ঠাকুর বাড়ীরটেক এলাকার ইয়াছিন মোল্লার ছেলে। উভয়েই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আবু হানিফের বিরুদ্ধে আগে থেকেই ৮টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা