March 12, 2026, 2:35 pm

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ: তিনজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার-মোহাম্মদ আসাদ। 

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়।

এ ছাড়া মামলার অপর এক অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ভিন্ন ধারায় যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। পুলিশ সূত্রে জানা গেছে, তিনজনই বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল হক বলেন, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে দণ্ডপ্রাপ্ত তিনজনই বর্তমানে পলাতক রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা