March 10, 2026, 4:38 pm

ভিজিএফ কার্ড না দেওয়ায় বকশীগঞ্জে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, অস্বীকার স্বেচ্ছাসেবক দল নেতার

ডেস্ক রিপোর্টার ।
জামালপুরের বকশীগঞ্জে ভিজিএফ কার্ড না দেওয়াকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে বকশীগঞ্জ উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল উপজেলার মির্জা বাড়ি এলাকার মরহুম মির্জা সাখওয়াত হোসেনের ছেলে। আর অভিযুক্ত আশিকুর রহমান তোলন বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল অভিযোগ করে বলেন, দুপুরে আশিকুর রহমান তোলন তাকে ফোন করে উপজেলা পরিষদে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি কয়েকটি ভিজিএফ কার্ড চান। কার্ড দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মারধর করেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, “খুব শিগগিরই আমি আইনের আশ্রয় নেব।”

বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল জলিল বলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রথমে তার কাছে এসে সরাসরি কিছু ভিজিএফ কার্ড চান। তিনি জানিয়ে দেন যে এসব কার্ড গরিব মানুষের জন্য বরাদ্দ, তাই দেওয়া সম্ভব নয়। পরে তিনি প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে ডেকে আনেন। সোহেল কার্ড দিতে অস্বীকৃতি জানালে তাকে কক্ষ থেকে বের করে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন। মোবাইল ফোনে তিনি বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। মূলত একটি ট্রেড লাইসেন্স নিয়ে ঝামেলা থেকে কথা কাটাকাটি হয়েছে। এর বেশি কিছু নয়।”

এ বিষয়ে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসার বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। আপনার কাছ থেকেই শুনলাম। কেউ লিখিত বা মৌখিকভাবে জানালে বিষয়টি খতিয়ে দেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাইকে ফোন করা হলে তিনি নেটওয়ার্ক সমস্যার কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা