স্টাফ রিপোর্টার-মোহাম্মদ আসাদ ।
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়াটি পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল কুদ্দুস।
র্যালি ও মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।
এ সময় ইউএনও মো. আবদুল হাই বলেন, দুর্যোগের সময় কীভাবে দ্রুত ও সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে তা জানার জন্য এ ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং মহড়ায় শেখানো বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করতে হবে।