February 18, 2026, 10:26 pm

মিছিল নিয়ে নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ের তালা খুললেন নেতা-কর্মীরা

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় খুললেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা। আজ বুধবার ভোরে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা খুলে দেন। তালা খোলার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করে দলীয় স্লোগানও দেন তাঁরা। পরে মূল ফটকে একটি ব্যানার টানিয়ে স্থান ত্যাগ করেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয়। এ সময় কার্যালয়ের ভেতরে ভাঙচুর করা হয়। পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের পক্ষ থেকে বুধবার ভোরে ব্যানার টানানো হয়। এতে লেখা ছিল, ‘দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো।’

স্থানীয় সূত্র জানায়, ভোরে নেতা-কর্মীরা মাইজদী টাউন হল মোড়-সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা তালা খুলে কিছু সময় অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন। পরে ব্যানার টানিয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর তাঁরা আওয়ামী লীগের হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় কার্যালয়ে আগুন দেওয়ার পর সেখানে তালা দেওয়া হয়। অদৃশ্য কোন শক্তির নির্দেশে বা কার সহযোগিতায় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়টির তালা খুলেছেন। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

তবে জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দপ্তর) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা