September 23, 2026, 11:39 am

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে আগামী বছরের শুরুতে

চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় আড়াই হাজার কোটি টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মীর শাহে আলম। এ প্রকল্পের আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৭০ কোটি টাকা।

প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে এবং অবশিষ্ট ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা