September 9, 2026, 1:53 pm

বড়াইগ্রামে অস্ত্র শানে দেওয়ার ভিডিও ভাইরাল, বিএনপি মনোনয়নপ্রত্যাশীকে ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দেশীয় অস্ত্র শানে (ধার) দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাব্বাব হক সাবুসহ কয়েকজনকে হাঁসুয়া, রামদা ও ছুরি ধার দিতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি হাতে থাকা দেশীয় অস্ত্র শানে দিচ্ছেন। সেখানে সাব্বাব হক সাবুর হাতে একটি বড় ছুরি দেখা যায়। তাদের পেছনে একটি খাটের ওপর দুটি হকিস্টিকও পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, ভিডিওতে থাকা অন্য ব্যক্তিরা সাব্বাব হক সাবুর সহযোগী। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাব্বাব হক সাবু উপজেলার চৌমুহন গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে সাব্বাবের বাবা ফরহাদ হোসেন দাবি করেছেন, তার ছেলেকে ঘিরে ষড়যন্ত্রের অংশ হিসেবেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি। সাব্বাব হক সাবু বিএনপির মনোনয়নপ্রত্যাশী হলেও আমার জানা মতে, বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনে তার কোনো পদ-পদবি নেই।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা