June 2, 2026, 2:51 pm

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার আসামিসহ গ্রেপ্তার-৩

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত দুই মামলার এজাহারভুক্ত দুই আসামি এবং ধর্ষণের চেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) ভোররাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মিজানুর রহমান (৪৫), সাইফুল ইসলাম রাহুল (২৭) এবং মো. ফারুক মোল্লা (৪৮)।
পুলিশ জানায়, ভোর ২টার দিকে সানারপাড় এলাকার নিজ বাড়ি থেকে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম রাহুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় অভিযোগ রয়েছে।
এরপর রাত সাড়ে ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকার নিজ বাসা থেকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ৪৩ নম্বর এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম রাহুলের বিরুদ্ধে এর আগেও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলার আসামি মো. ফারুক মোল্লাকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গ্রেপ্তারকৃত তিন আসামিকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকল ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা