মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তাঁর কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেন। পরে সেই কার্ড বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
কার্ড ফেরতের বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ড দেওয়ার পরই তিনি উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেন। দলীয় কোনো নির্দেশনা না থাকায় কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে চলে আসেন তারা। স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড নেয়নি বলেও দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, দলীয় নির্দেশনার বাইরে তাদের কোনো এখতিয়ার নেই।
এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।