May 24, 2026, 6:32 pm

লালমনিরহাটের আদিতমারীতে নারীর মরদেহ উদ্ধার: গণধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, তাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা স্বপ্না বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, মরদেহের অবস্থা দেখে তাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা