June 25, 2026, 7:38 am

লালমনিরহাট সদর হাসপাতালে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ

লালমনিরহাট জেলা প্রতিনিধি :
২৫০ শয্যার লালমনিরহাট সদর হাসপাতাল হলেও রোগীদের সেবার মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং দায়িত্বে অবহেলার কারণে সাধারণ রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
গত ০৪ মে অভিযোগের ভিত্তিতে সরেজমিনে হাসপাতালে গিয়ে এমনই চিত্র দেখা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, মো: রমজান আলী (পিতা: মৃত ফজলুল হক), গ্রাম দুরাকুটি, থানা সদর, জেলা লালমনিরহাট-নিজ বাড়িতে তার মায়ের হঠাৎ বুকের ব্যথা অনুভব হলে ০৩ মে সকাল ৯টার দিকে তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে তাকে হৃদরোগে আক্রান্ত বলে সন্দেহ করে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরবর্তীতে রোগীকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ ও ইনজেকশন দেওয়ার কথা ছিল।
কর্তব্যরত নার্স জানান, রোগীকে প্রতিদিন সকাল ও রাতে “কার্ডিনিক্স” ইনজেকশন দেওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, ০৩ মে রাত এবং ০৪ মে সকাল–দুই সময়ই রোগীকে ইনজেকশন দেওয়া হয়নি, শুধুমাত্র ট্যাবলেট দেওয়া হয়।
এ বিষয়ে মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত নার্স এবং ইনচার্জ মো: শাহানুর ইসলামের সাথে কথা বলা হলে তারা উভয়েই দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করেন।
পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে বিষয়টি জানানো হলে তিনি এটিকে অবহেলা হিসেবে উল্লেখ করে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করার পরামর্শ দেন।
তত্ত্বাবধায়কের সাথে সাক্ষাৎ করে অভিযোগ জানানো হলে তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে, একই হাসপাতালে ম্যাটস (MATS) শিক্ষার্থীদের কাছ থেকে কোনো প্রকার সরকারি রশিদ ছাড়াই ১৫,০০০ টাকা করে নেওয়ার অভিযোগও উঠে এসেছে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক স্বীকার করেন যে, সরকারিভাবে এমন কোনো নির্ধারিত ফি নেই।
স্থানীয়দের দাবি, দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালের সেবার মান উন্নয়ন করা হোক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা