April 23, 2026, 3:29 pm

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান বলেন, ‘ঈশ্বরদী সরকারি কলেজে আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। এ জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলাম এবং পুলিশ প্রশাসনের সহযোগিতাও চেয়েছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের ওপর ইট-পাটকেল ছোড়েন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’

ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের বিষয়ে উপজেলা শিবিরের সভাপতি বলেন, ‘কে বা কারা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করেছে, তা আমাদের জানা নেই।’

এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন খান বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। হঠাৎ ১০০-১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে ঢোকেন। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করেন এবং ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেন শিবিরের নেতা-কর্মীরা।’

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই ক্যাম্পাস ছেড়ে চলে গেছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা