April 8, 2026, 10:25 pm

নারায়ণগঞ্জে পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে ওষুধ কারখানা, জনস্বাস্থ্য হুমকির মুখে

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই সিদ্ধিরগঞ্জের ১০ পাইপ জালকুড়ি উত্তরপাড়া কেনেলপাড় এলাকায় জেনমার্ক ইউনানী নামক ওষুধ কারখানা সাত থেকে আট বছর ধরে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পরিবেশের ছাড়পত্রহীন এই ঔষধ কোম্পানিটি পরিচালিত হলেও রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই কারখানা যথাযথ নিয়ম না মেনেই উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারখানা থেকে নির্গত বর্জ্য ও রাসায়নিক পদার্থ আশপাশের খাল-বিল ও জমিতে মিশে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পানির উৎসও দূষিত হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ উৎপাদন একটি সংবেদনশীল শিল্পখাত। এখানে পরিবেশগত ছাড়পত্র ও নিরাপত্তা মান বজায় রাখা অত্যন্ত জরুরি। নিয়ম না মানলে তা দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কারখানার বর্জ্যের কারণে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ এইচ এম রাশেদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মোঃ কবির হোসেন জানান, তারা আমাদের কাছ থেকে ৪৪টি আইটেম অনুমোদন নিয়েছে; এর বেশি যদি উৎপাদন করা হয় বা অবৈধ কিছু উৎপাদন করা হয়, আমরা সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

সচেতন মহল মনে করছে, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কঠোর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি। অন্যথায় ভবিষ্যতে এর ভয়াবহ প্রভাব পুরো সমাজকে বহন করতে হতে পারে।

নিজস্ব প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা