বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ২৯, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ

২২ দিনে সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭টি পরিবহনে আগুন

২২ দিনে সারাদেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭টি পরিবহনে আগুন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৭ থেকে ২৮ নভেম্বরের মধ্যে সংঘটিত এসব ঘটনায় ৫২টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
রোববার (২৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুম মুনিরা এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ১২০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ১০৭টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, ২৮টি গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় দায়ের করা হয়েছে মোট ৫২টি মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
পুলিশ সদর দপ্তর বলছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন এবং গাছ কেটে সড়ক অবরোধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী। এ ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি সদস্যরা দিন-রাত কাজ করছেন।
এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অক্টোবর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। সভায় আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ জন্য পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ-বিদেশ থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি। এসব প্রচারণায় প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।